চার ট্রাক মুরগির বিষ্ঠা লুটের অভিযোগ, উদ্ধার ৬৭ হাজার কেজি; গ্রেপ্তার ২

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩
চার ট্রাক মুরগির বিষ্ঠা লুটের অভিযোগ, উদ্ধার ৬৭ হাজার কেজি; গ্রেপ্তার ২



চট্টগ্রামের মিরসরাইয়ে চারটি ট্রাকের চালকদের ভয়ভীতি দেখিয়ে ৬৭ হাজার ২০০ কেজি মুরগির বিষ্ঠা (জৈব সার) লুটের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় করেরহাট ইউনিয়ন যুবদলের এক নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া জৈব সার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা সারের আনুমানিক মূল্য ২ লাখ ৫২ হাজার টাকা।


গ্রেপ্তার দুজন হলেন মজল হক (৩০) ও মো. শাকিল (২৪)। তারা করেরহাট ইউনিয়নের বাসিন্দা।


মামলায় করেরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য শাখাওয়াত হোসেনের নেতৃত্বে লুটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন শাখাওয়াত।


পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা এলাকায় চারটি ট্রাকের গতিরোধ করা হয়। চালকদের ট্রাক থেকে নামিয়ে ভয়ভীতি দেখানো এবং তাদের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ রয়েছে।


পরে ট্রাকগুলো মধ্যম সোনাপাহাড় এলাকার একটি হোটেলের পাশে নিয়ে যাওয়া হয়। সেখানে ট্রাকে থাকা ১ হাজার ৬৮০ বস্তা মুরগির বিষ্ঠা নামিয়ে নেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে চালকদের মুঠোফোন ফেরত দিয়ে ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়।


ব্যবসায়ী রিপন হোসেনের দাবি, করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার নাহার অ্যাগ্রো ফিড লিমিটেডের প্রকাশ্য নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি এসব জৈব সার কিনেছিলেন। চুক্তি অনুযায়ী ২০ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিষ্ঠানটির শেড থেকে সেগুলো সরিয়ে নেওয়ার কথা ছিল।


এর অংশ হিসেবে ২১ সেপ্টেম্বর চারটি ট্রাকে করে সারগুলো ঠাকুরগাঁওয়ে নেওয়া হচ্ছিল। পথে হাবিলদারবাসা এলাকায় ট্রাকগুলোর গতিরোধ করে মালামাল নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।


এ ঘটনায় ২২ সেপ্টেম্বর জোরারগঞ্জ থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করা হয়।


মামলার এজাহারে নোয়াখালীর সুধারাম থানার জালিয়াল এলাকার আবির (২৮) ও কবির (৫০), মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ার এলাকার শাখাওয়াত হোসেন এবং নাজিম উদ্দিন রানা (৩৪)-এর নাম রয়েছে।


অভিযোগ অস্বীকার করে শাখাওয়াত হোসেন বলেন, তার নেতৃত্বে মুরগির বিষ্ঠা লুটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ব্যবসায়ী রিপন মাঝেমধ্যে তাকে নিজ থেকেই খরচের টাকা দিতেন বলেও দাবি করেন তিনি।


জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মজল হক ও মো. শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ৬৭ হাজার ২০০ কেজি মুরগির বিষ্ঠা উদ্ধার করা হয়েছে।


গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য