বিরোধী দল দুর্ভাগ্যবশত আবার শেখ হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি বেসরকারি সংগঠন আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, হাসিনা যে ভাষায় কথা বলতেন, বিরোধী দল সেই ভাষায় ‘করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না’—এসব বলতে শুরু করেছে।
তিনি বলেন, মাত্র চার থেকে পাঁচ মাসেই অনেক পরিবর্তন হয়ে গেছে। একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে টেনে তোলা শুরু হয়েছে। কাজটা এত সহজ নয়, আর এত তাড়াতাড়িও হয় না। অথচ তাদের ভাষায় এই মুহূর্তে সব হতে হবে।
এ সময় জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ ১৫ বছরে তেল বা গ্যাসের কোনো খনি আবিষ্কারের চেষ্টা করেনি। এক্সপ্লোরেশনও হয়নি। গ্যাস বা তেল অনুসন্ধানের প্রতিষ্ঠান বাপেক্সকে পঙ্গু করে রাখা হয়েছিল। সেটিকে আবার চালু করা হয়েছে। বিদেশি প্রতিষ্ঠানগুলোকে দেশে গ্যাস অনুসন্ধানের জন্য টেন্ডার করা হয়েছে এবং সেগুলো আসছে।
মির্জা ফখরুল বলেন, বিরোধী দল গণতান্ত্রিক ভাষায় কথা বলে না। পাশাপাশি জনগণের ম্যান্ডেট পাওয়া সরকারকে আগে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
দ্রব্যমূল্য নিয়ে মির্জা ফখরুল বলেন, জাহাজের পরিবহন ভাড়া বৃদ্ধির কারণে কিছু জিনিসের দাম বেড়েছে। এসব সমস্যা সমাধান করে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে বিএনপি অঙ্গীকারাবদ্ধ বলেও জানান তিনি।