বাড়বে বৃষ্টি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ১৪:৪৭
বাড়বে বৃষ্টি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা



সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


শনিবার (৮ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাস বার্তায় এসব তথ্য জানানো হয়।


এদিকে সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উত্তরবঙ্গের কিছু জেলার নিম্নাঞ্চলও প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।


শনিবার দেওয়া সতর্কবার্তায় সংস্থাটি জানায়, আগামী দুই দিন দেশের অভ্যন্তরে সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। আগামী ১২ ঘণ্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।


গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীগুলোর পানি সমতল স্থিতিশীল রয়েছে। আগামী দুই দিনও পানি স্থিতিশীল থাকতে পারে। এরপর তৃতীয় দিনে পানি কমতে পারে।


আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট জেলার কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও বিদ্যমান বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলেও সতর্কবার্তায় জানানো হয়েছে।


### আজকের আবহাওয়া


শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।


মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।


### রোববারও বৃষ্টির পূর্বাভাস


রোববার রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের শঙ্কা রয়েছে।


এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


### সোমবারও বৃষ্টি হতে পারে


সোমবার রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।


এদিনও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।



একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য