সরকার বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বে বিভিন্ন সময়ে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ আইন কর্মকর্তা আদেশ, ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ নং-৬, ১৯৭২)-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পৃথক আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়, আগে নিয়োগপ্রাপ্ত সব সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগও বাতিল করা হয়েছে। একই আইনি বিধানের আওতায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের ১৭৯ জন আইনজীবীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।