জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে দেশের দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৬ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একইসঙ্গে মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে ২৪ জুন। এদিন মামলার অপর আসামি, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
এর আগে, মামলার শুনানিতে শেখ হাসিনা ও কামালকে খুঁজে না পাওয়ার বিষয়টি আদালতকে জানায় পুলিশ। ফলে আদালত তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।
উল্লেখ্য, ১ জুন শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং চৌধুরী মামুনের বিরুদ্ধে পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০২৫ সালের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে আন্দোলনরত ১৪শ’র বেশি ছাত্র-জনতা নিহত হয়, যা ছিল গণহত্যার শামিল।
প্রসিকিউশনের দাবি, এসব হত্যাকাণ্ডের পেছনে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশ, উসকানি ও পরিকল্পনা ছিল। তার অনুমোদনে আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো গণআন্দোলন দমন করতে মরনঘাতি অস্ত্র ব্যবহার করে।
এ নিয়ে শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগও দাখিল করা হয়। তদন্ত প্রতিবেদনেও তাকে হত্যার নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।