অতীতে ছাত্রলীগ, ছাত্রদল বা ছাত্রশিবিরে যুক্ত থাকলেও এখন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেওয়া যাবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
রোববার (১৯ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাদের দলে যোগদান উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, অতীতে কেউ ছাত্রদল করুক, ছাত্রশিবির করুক বা ছাত্রলীগ করুক—এটি আমাদের কাছে মুখ্য বিষয় নয়। আজ থেকে কেউ এনসিপিতে যোগ দিলে তিনি এনসিপির সংগঠক ও নেতাকর্মী হিসেবে কাজ করবেন এবং দলের আদর্শকে ধারণ করবেন।
তিনি আরও বলেন, যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী দায় ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে আসতে চায়, তাদের নিয়েই আমরা সামনে এগোতে চাই। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে এই রাজনৈতিক পথচলা অব্যাহত থাকবে।
এনসিপির আহ্বায়ক বলেন, আজ যারা দলে যুক্ত হচ্ছেন, তারা আসলে নতুন কেউ নন; তারা এতদিন ভিন্ন প্ল্যাটফর্মে থাকলেও একই লক্ষ্যেই কাজ করছিলেন। এখন আনুষ্ঠানিকভাবে একত্রিত হয়ে এনসিপির হাতকে শক্তিশালী করার আহ্বান জানানো হচ্ছে।
তবে তিনি স্পষ্ট করে বলেন, ফ্যাসিবাদে অংশগ্রহণকারী, গণহত্যার সঙ্গে যুক্ত, চাঁদাবাজ বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কেউ কখনোই এনসিপিতে স্থান পাবে না।
নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের উদ্ভব রোধে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। জনগণ সংস্কারের পক্ষে যে রায় দিয়েছে, সেটি বাস্তবায়ন করাই এখন মূল দায়িত্ব। জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়েই সামনে এগোতে হবে।