রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের বাড়তি চাহিদার কারণে অনেক জায়গায় তেল পাওয়া যাচ্ছে না। এতে শনিবার (৭ মার্চ) সকাল থেকেই পাম্পগুলোতে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেক চালক খালি হাতে ফিরে যাচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, সরকারের নির্ধারিত সীমা অনুযায়ী জ্বালানি দেওয়া হলেও অধিকাংশ পাম্পে তেলের সরবরাহ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ফলে অনেক যানবাহন তেল না পেয়েই ফিরে যেতে বাধ্য হচ্ছে। কোথাও কোথাও এ নিয়ে গ্রাহকদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে।
গ্রাহকদের দাবি, পেট্রোল পাম্পগুলোতে যেন কৃত্রিম সংকট তৈরি না হয়, সে বিষয়ে সরকারকে কঠোর নজরদারি করতে হবে। তাদের আশঙ্কা, কিছু ব্যবসায়ী মজুত করে সংকট বাড়ানোর চেষ্টা করতে পারেন।
অন্যদিকে পাম্প মালিকরা বলছেন, স্বাভাবিক সময়ের তুলনায় বর্তমানে জ্বালানির চাহিদা অনেক বেড়ে গেছে। কিন্তু সরবরাহ সেই অনুপাতে আসছে না, ফলে কিছু পাম্পে সাময়িকভাবে তেল শেষ হয়ে যাচ্ছে।
শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জেলাতেও পেট্রোল পাম্প ও ডিপোগুলোতে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। সংশ্লিষ্টরা জানান, যানবাহনের ধরন অনুযায়ী নির্ধারিত কোটা মেনে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।
সকালের দিক থেকেই প্রতিটি পাম্পে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। অনেক ক্রেতা আশঙ্কা করছেন, ভবিষ্যতে তেলের সরবরাহে সমস্যা হতে পারে। তাই আগেভাগেই প্রয়োজন অনুযায়ী পেট্রোল বা অকটেন সংগ্রহের চেষ্টা করছেন তারা।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত চাহিদার কারণে সাময়িক চাপ তৈরি হলেও দেশে এখনো জ্বালানি তেলের কোনো বড় সংকট সৃষ্টি হয়নি।