ঢাকার দুই সিটি করপোরেশনে অনতিবিলম্বে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন মুহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেছেন, রাজধানীর নাগরিকদের প্রত্যাশা পূরণে দ্রুত সিটি নির্বাচন ঘোষণা করা প্রয়োজন।
শুক্রবার (৫ জুন) সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর টি অ্যান্ড টি মাঠে আয়োজিত ‘প্লাস্টিকের বোতল জমা দিয়ে গাছের চারা গ্রহণ’ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
সেলিম উদ্দিন বলেন, সরকার এখনো ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেনি। তিনি অভিযোগ করেন, আগামী সিটি নির্বাচনে কোনো ধরনের কারচুপির চেষ্টা করা হলে তা প্রতিহত করতে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
বর্তমান সিটি প্রশাসন নিয়েও সমালোচনা করেন জামায়াতের এই নেতা। তার দাবি, যাদের নগর পরিচালনার বাস্তব অভিজ্ঞতা নেই, তাদের প্রশাসকের দায়িত্বে বসানো হয়েছে। ফলে নগর ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত উন্নয়ন ও কার্যকারিতা দেখা যাচ্ছে না।
তিনি আরও বলেন, বর্তমান প্রশাসকদের সরিয়ে দিয়ে সরকার যদি দ্রুত নির্বাচনের ঘোষণা দিত, তাহলে সেটিই জনগণের প্রত্যাশার প্রতিফলন হতো। প্রধানমন্ত্রীর কাছ থেকে রাজধানীবাসী এমন একটি ঘোষণাই আশা করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধ এবং বৃক্ষরোপণের গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়। আয়োজকরা জানান, পরিবেশবান্ধব সচেতনতা তৈরির লক্ষ্যে এই কর্মসূচির মাধ্যমে প্লাস্টিক বর্জ্য সংগ্রহের পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।