যশোরের বেনাপোল বাজার এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারী-এর বহরে হামলার অভিযোগ উঠেছে। দলটির দাবি, বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে তার গাড়িকে লক্ষ্য করে চোরাগোপ্তা হামলা চালানো হয়।
এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী নিরাপদে থাকলেও অন্তত চারজন আহত হয়েছেন বলে দাবি করেছে ন্যাশনাল সিটিজেন্স পার্টি। আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তির নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তির নেতা রুপম আহসান অর্নব। আহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হামলার সঙ্গে কারা জড়িত ছিল এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
জানা গেছে, সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী বুধবার বেনাপোল সফরে যান। সম্প্রতি বেনাপোল সীমান্তসংলগ্ন ভারতীয় ভূখণ্ডে কথিত ‘পুশ-ইন’ ইস্যু নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, ১০ থেকে ১২ জনের একটি দলকে জোরপূর্বক সীমান্তের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং তারা টানা দ্বিতীয় দিনের মতো ওই এলাকায় অবস্থান করছে।
চলমান সীমান্ত পরিস্থিতি এবং পুশ-ইন সংক্রান্ত বাস্তব অবস্থা সরেজমিনে পরিদর্শনের উদ্দেশ্যেই এনসিপির এই সফর ছিল বলে দলীয় সূত্র জানিয়েছে।
হামলার ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে প্রশাসনের তদন্ত ও আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।