আসন্ন ফুটবল বিশ্বকাপের আগে নিজেদের শক্তির জানান দিল আফ্রিকার অন্যতম পরাশক্তি আইভরি কোস্ট। প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপের অন্যতম শিরোপা প্রত্যাশী ফ্রান্স-কে ২-১ গোলে হারিয়ে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে তারা।
বৃহস্পতিবার (৪ জুন) নানটেঁসে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে ছিল ফ্রান্স। প্রথমার্ধের শেষ মুহূর্তে রায়ান চেরকি-র দুর্দান্ত গোলে লিড নেয় স্বাগতিকরা। তবে বিরতির পর ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায়। দ্বিতীয়ার্ধে আইভরি কোস্টের আক্রমণাত্মক ফুটবলের সামনে ফরাসি রক্ষণভাগ বারবার চাপে পড়ে।
ম্যাচের ৫৩তম মিনিটে নিকোলাস পেপে-র পাস থেকে গোল করে সমতা ফেরান গুয়েলা দুয়ে। এরপর তারই বাড়ানো নিখুঁত ক্রস থেকে ডি-বক্সের ভেতর সহজ ট্যাপ-ইনে জয়সূচক গোল করেন আমাদ দিয়ালো।
এই জয়ের মাধ্যমে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ফ্রান্সকে হারানোর স্বাদ পেল আইভরি কোস্ট। ম্যাচটিতে বিশেষ আলোচনায় ছিলেন গুয়েলা দুয়ে। কারণ তার ছোট ভাই দেজিরে দুয়ে বর্তমানে ফ্রান্স জাতীয় দলের সদস্য। ফলে ভাইয়ের প্রতিনিধিত্ব করা দলের বিপক্ষেই গোল করে স্মরণীয় মুহূর্ত উপহার দেন তিনি।
টানা নয় ম্যাচ অপরাজিত থাকার পর এই হারের মুখ দেখতে হলো ফ্রান্সকে। দ্বিতীয়ার্ধে আইভরি কোস্টের গতি ও আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয় কোচ দিদিয়ের দেশম-এর দলকে। পরিস্থিতি সামাল দিতে দ্বিতীয়ার্ধেই প্রায় ১০টি পরিবর্তন আনেন তিনি। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে প্রথমার্ধে কয়েকটি সুযোগ তৈরি করলেও বিরতির সময় তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।
তবে ফ্রান্সের জন্য স্বস্তির খবর ছিল রায়ান চেরকির দুর্দান্ত পারফরম্যান্স। বিশ্বকাপের প্রথম ম্যাচে তার মূল একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
এই জয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসে উজ্জীবিত হয়ে উঠেছে আইভরি কোস্ট। আগামী ১৫ জুন ইকুয়েডর-এর বিপক্ষে ম্যাচ দিয়ে তারা বিশ্বকাপ অভিযান শুরু করবে। অন্যদিকে ফ্রান্স আগামী ৮ জুন উত্তর আয়ারল্যান্ড-এর বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে।