পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি বিষয়ক সরাসরি আলোচনা চলছে। উচ্চপর্যায়ের এই বৈঠককে ঘিরে ইসলামাবাদের একটি কনভেনশন সেন্টারকে মিডিয়া হাবে রূপান্তর করা হয়েছে, যেখানে শতাধিক সাংবাদিক অবস্থান করছেন। তবে মূল আলোচনা কেন্দ্র থেকে সাংবাদিকরা কার্যত বিচ্ছিন্ন থাকায় তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের জন্য উন্নতমানের কফি, উচ্চগতির ইন্টারনেট ও আকর্ষণীয় ব্র্যান্ডিংয়ের ব্যবস্থা রাখা হলেও মূল আলোচনা কক্ষটি তাদের অবস্থান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে। ফলে সরাসরি বৈঠকের অগ্রগতি সম্পর্কে তারা তথ্য জানতে পারছেন না।
মিডিয়া হাবে বিরিয়ানি, কাবাব ও গুলাব জামুনসহ বিভিন্ন খাবারের পাশাপাশি ব্রাজিল ও ইথিওপিয়ার কফি বিন দিয়ে তৈরি বিশেষ কফিও পরিবেশন করা হচ্ছে। তবে এসব আয়োজনও সাংবাদিকদের অসন্তোষ কমাতে পারছে না। অনেকেই অভিযোগ করছেন, আলোচনার গুরুত্বপূর্ণ তথ্য থেকে তাদের দূরে রাখা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক বলেন, তিনি পুরো পরিস্থিতিতে বিরক্ত হয়ে পড়েছেন। আরেকজন সাংবাদিক জানান, এখানে কার্যত করার মতো কিছুই নেই এবং তারা অপেক্ষা ছাড়া আর কিছুই করতে পারছেন না।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু আজকের জন্যই মিডিয়া হাবে এই বিশেষ ব্র্যান্ডিং ও আয়োজন রাখা হয়েছে।
এদিকে আলোচনা শুরু হওয়ার পর স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আপডেট পাওয়া যায়নি। পরে যে তথ্যগুলো আসছে, সেগুলোও সরাসরি ব্রিফিংয়ের মাধ্যমে নয়, বরং হোয়াটসঅ্যাপে পাঠানো প্রেস বিবৃতির মাধ্যমে সাংবাদিকদের কাছে পৌঁছানো হচ্ছে।