মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যে রাশিয়া ও ইরানের কাছ থেকে তেল আমদানিতে দেওয়া নিষেধাজ্ঞার অস্থায়ী ছাড়ের মেয়াদ আর বৃদ্ধি না করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন বুধবার এ তথ্য নিশ্চিত করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ও ইরান থেকে তেল কেনার ক্ষেত্রে ভারতসহ কিছু দেশকে আগে ৩০ দিনের একটি বিশেষ ছাড় দেওয়া হয়েছিল। এই সুবিধার সবচেয়ে বড় ব্যবহারকারী ছিল ভারত, কারণ হরমুজ প্রণালির আশপাশে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও দেশটি রাশিয়ার তেল আমদানি অব্যাহত রেখেছিল।
সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই শিথিলতার সময় ভারতের তেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো প্রায় ৩ কোটি ব্যারেল রাশিয়ার তেল আমদানির অর্ডার দেয়। এর আগে নিষেধাজ্ঞার কারণে রিলায়েন্সসহ কয়েকটি বড় কোম্পানি রসনেফট ও লুকওইলের মতো রুশ সরবরাহকারীদের কাছ থেকে তেল কেনা কমিয়ে দিয়েছিল।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, রাশিয়ান ও ইরানি তেলের ওপর দেওয়া সাধারণ লাইসেন্স নবায়ন করা হবে না। তিনি বলেন, ১১ মার্চের আগে জাহাজে থাকা তেলেই এই ছাড় প্রযোজ্য ছিল এবং সেই সুযোগ ইতোমধ্যে শেষ হয়েছে।
এর আগে ১১ মার্চ মার্কিন প্রশাসন জানায়, ভারতীয় শোধনাগারগুলো সমুদ্রে অবস্থানরত রুশ তেলবাহী ট্যাংকার থেকে তেল কিনতে পারবে। পরবর্তীতে ইরানের তেল আমদানির ক্ষেত্রেও সীমিত ছাড় দেওয়া হয়েছিল। রাশিয়ার ক্ষেত্রে এই সুবিধার মেয়াদ ছিল ১১ এপ্রিল পর্যন্ত এবং ইরানের ক্ষেত্রে ১৯ এপ্রিল পর্যন্ত।
এদিকে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, এই ছাড়ের মেয়াদ বাড়ানোর জন্য ভারতসহ এশিয়ার কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছিল। তবে হোয়াইট হাউস শেষ পর্যন্ত সেই অনুরোধ গ্রহণ করেনি।