আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নেমে আন্দোলনের বিভিন্ন কর্মসূচি শুরু করেছেন। কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে প্রতিদিনই সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী। ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ দেওয়ার প্রতিবাদে ধরনামঞ্চ থেকে মমতা হুঁশিয়ারি দিয়েছেন, “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব।” তিনি পশ্চিমবঙ্গের অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
ধর্মতলা ধরনার দ্বিতীয় দিনে তৃণমূলনেত্রী স্পষ্ট জানিয়েছেন, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে না আসা পর্যন্ত আন্দোলন চলবে। এছাড়া, কেন্দ্রীয় বঞ্চনার প্রেক্ষিতে বাংলার বেকার যুবসমাজের জন্য ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্পের ভাতার অর্থ ১ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে না; শনিবার থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাতার ১৫০০ টাকা জমা শুরু হবে।
এছাড়া, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার সকলকে হাতা খুন্তি নিয়ে পথে নামার ডাকও দিয়েছেন মুখ্যমন্ত্রী।