প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সুষম উন্নয়নে বিশ্বাস করে বর্তমান সরকার। সে কারণে সরকারি দলের সংসদ সদস্যদের পাশাপাশি বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকাতেও সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে কোনো গঠনমূলক সমালোচনা থাকলে তা গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনে সম্পূরক প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।
সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেমের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের দায়িত্ব ও উন্নয়ন কর্মকাণ্ডে তাদের ভূমিকা নিয়ে কথা বলেন। তিনি বলেন, সরাসরি নির্বাচিত সংসদ সদস্যদের মতো সংরক্ষিত নারী সদস্যদের কোনো নির্দিষ্ট ভৌগোলিক আসন না থাকলেও দলীয় ও সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে তাদের জন্য কর্মপরিধি নির্ধারণ করা হয়েছে।
তারেক রহমান বলেন, উন্নয়ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সরাসরি নির্বাচিত জনপ্রতিনিধি এবং সংরক্ষিত নারী সংসদ সদস্য উভয়েরই কাজ করার অধিকার রয়েছে। কোনো এলাকার উন্নয়নে সহযোগিতার প্রয়োজন হলে সরকার তা বিবেচনা করবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
পরে সংসদ সদস্য আনিছুর রহমানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বিরোধী দলের প্রতি সরকারের অবস্থান তুলে ধরেন। তিনি জানান, সম্প্রতি সংসদ পরিচালনা-সংক্রান্ত একটি বৈঠকে বিরোধীদলীয় নেতা অভিযোগ করেছিলেন যে ঈদের আগে এলজিইডির কিছু সহায়তা বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য পাননি। বিষয়টি জানার পরপরই তিনি সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, “বর্তমান সরকার দেশের সম-উন্নয়নে বিশ্বাস করে। সরকারি দলের সংসদ সদস্যরা যেভাবে উন্নয়ন কাজ করবেন, ঠিক একইভাবে বিরোধী দলের সদস্যদের এলাকাতেও সরকারের পূর্ণ সহযোগিতা থাকবে। আমরা সবাইকে সমানভাবে সহযোগিতা করার চেষ্টা করব।”
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে অপপ্রচার বন্ধে বিরোধী দলের সঙ্গে কোনো আলোচনা হবে কি না—এমন প্রশ্নের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি নিয়ে এখনই মন্তব্য করার সময় আসেনি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, “এই সরকার জনগণের ভোটে নির্বাচিত, গণতন্ত্রে বিশ্বাসী এবং জনগণের কাছে জবাবদিহিমূলক। তাই গঠনমূলক সমালোচনা এলে আমরা তা গ্রহণ করব এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”