প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন ১৪টি রাজনৈতিক দলের নেতা। আজ শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতি ও অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই বৈঠকে অংশ নিয়েছেন জাতীয় গণফ্রন্ট নেতা আমিনুল হক টিপু বিশ্বাস, ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)-এর ববি হাজ্জাজ, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মার্কসবাদী-বাসদের সমন্বয়ক মাসুদ রানা এবং জমিয়তে উলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
এর আগে গত মঙ্গলবার (২২ জুলাই) ড. মুহাম্মদ ইউনূস দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রথম দফায় চারটি গুরুত্বপূর্ণ দলের সঙ্গে বৈঠক করেন। এরপর বুধবার (২৩ জুলাই) আরও ১৩টি দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। চলমান সংকট, নির্বাচনপূর্ব পরিবেশ এবং অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে ধারাবাহিক এই সংলাপকে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।