পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এ মাসে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের সুযোগ সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, রমজান ব্যক্তি ও জাতির জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়। ইবাদত-বন্দেগির পাশাপাশি সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও পারস্পরিক সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা গ্রহণের আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ-বিলাস ও হিংসা-বিদ্বেষ পরিহার করে বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া ও সৎকর্মে মনোনিবেশ করতে হবে। মহান আল্লাহ যেন সকলের রোজা, নামাজ ও নেক আমল কবুল করেন এবং দেশ ও জাতিকে শান্তি ও সমৃদ্ধি দান করেন—এ কামনাও করেন তিনি।