মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলাম–এর পরিবেশবান্ধব উদ্ভাবন পরিদর্শন করে প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সাজ্জাদুলের উদ্ভাবিত বিভিন্ন পণ্য ঘুরে দেখেন এবং সেগুলোর প্রতি সন্তোষ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি জানান, পচা ও পরিত্যক্ত সবজি থেকে তৈরি পচনশীল পলিথিনসহ একাধিক উদ্ভাবনী পণ্য প্রধানমন্ত্রীকে প্রদর্শন করা হয়।
পণ্য প্রদর্শনের সময় সাজ্জাদুল ইসলাম প্রধানমন্ত্রীকে জানান, তিনি পচা ও ফেলে দেওয়া সবজি ব্যবহার করে পরিবেশবান্ধব পচনযোগ্য পলিথিন তৈরি করেছেন। পাশাপাশি কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির প্রযুক্তিও উদ্ভাবন করেছেন।
দেশীয় কাঁচামাল ব্যবহার করে তৈরি এসব পরিবেশবান্ধব পণ্যের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের উদ্ভাবন পরিবেশ সুরক্ষার পাশাপাশি দেশের শিল্পখাতেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।
এ সময় প্রধানমন্ত্রী সাজ্জাদুল ইসলামের গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি ভবিষ্যতে আরও নতুন প্রযুক্তি ও পরিবেশবান্ধব পণ্য উদ্ভাবনে তাকে কাজ চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন।
পরিবেশ দূষণ কমাতে এবং দেশীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে তরুণদের উদ্ভাবনী উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মত প্রকাশ করেন সরকারপ্রধান।