ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নবনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন। তবে ক্ষমতা ছাড়ার পরও তিনি এখনো বাসভবনে থাকছেন এবং কিছুদিন সেখানে অবস্থান করবেন বলে জানা গেছে।
নতুন সরকার শপথ গ্রহণের আগে ড. ইউনূসের সম্ভাব্য ভূমিকা নিয়ে জোর জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ধারণা ছড়িয়েছে যে তিনি সাংবিধানিক কোনো পদে থাকতে পারেন বা রাষ্ট্রপতির পদও পেতে পারেন। তবে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, এখনও ড. ইউনূসসহ কাউকে নিয়ে কোনো নির্দিষ্ট পদ চূড়ান্ত করা হয়নি।
ড. ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ হওয়ার পর ড. ইউনূস অন্য কোনো সরকারি বা সাংবিধানিক পদে যাওয়ার আগ্রহ প্রকাশ করেননি। তিনি আগের কাজেই ফিরে যেতে চান, যার মধ্যে রয়েছে বিশ্বব্যাপী ‘শূন্য দারিদ্র্য’, ‘শূন্য বেকারত্ব’ এবং ‘শূন্য নিট কার্বন নিঃসরণ’ ধারণা ছড়িয়ে দেওয়া। এছাড়া নতুন সামাজিক ব্যবসা উদ্যোগ গড়ে তোলা এবং তরুণদের সঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে।
তবে কিছু সূত্রের দাবি, তিনি বাংলাদেশে কিছু সপ্তাহ অবস্থান করার পর প্যারিসে চলে যেতে পারেন। ফলে ড. ইউনূসের ভবিষ্যত ঠিকানা বঙ্গভবন হবে নাকি প্যারিস, তা সময়ের সঙ্গে স্পষ্ট হবে।