পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে টানা ২১ ঘণ্টা ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা উচ্চপর্যায়ের আলোচনা শেষ পর্যন্ত কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। দীর্ঘ সময় ধরে বৈঠক ও একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হলেও উভয় পক্ষ সমঝোতায় পৌঁছাতে পারেনি বলে জানানো হয়েছে। ফলে সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, আলোচনায় বেশ কিছু বিষয়ে অগ্রগতি হলেও দুই থেকে তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও মতভেদ রয়ে গেছে। ইরানি গণমাধ্যমের বরাতে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
ইসমাইল বাঘাই বলেন, ‘৪০ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর এই আলোচনা এমন একটি পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, যেখানে উভয় পক্ষের মধ্যে চরম অবিশ্বাস ও সন্দেহ বিরাজমান। তাই প্রথম বৈঠকেই কোনো চুক্তিতে পৌঁছানো যাবে—এমন প্রত্যাশা স্বাভাবিক ছিল না এবং কেউ তা আশাও করেনি।’
তিনি আরও বলেন, এই আলোচনার ভবিষ্যৎ সাফল্য নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ‘সততা ও সদিচ্ছার’ ওপর এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থকে সম্মান করার ওপর।
অন্যদিকে বৈঠক শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, দীর্ঘ ২১ ঘণ্টা আলোচনা চললেও ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র। ফলে আলোচনা শেষ হলেও চুক্তির বিষয়ে কোনো ঘোষণা আসেনি।
কূটনৈতিক মহল মনে করছে, এই আলোচনা মধ্যপ্রাচ্যের সামরিক ও রাজনৈতিক উত্তেজনা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলেও প্রথম বৈঠকে কোনো চূড়ান্ত সমঝোতা না হওয়ায় অনিশ্চয়তা আরও বেড়েছে।