ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মার্কো রুবিও বলেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাথমিক সামরিক অভিযান শেষ হয়েছে এবং এতে তাদের লক্ষ্য অর্জিত হয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র এখন সংঘাত নয়, শান্তিপূর্ণ সমাধানের দিকেই এগোতে চায়।
রুবিও বলেন, ‘আমরা শান্তির পথই চাই। প্রেসিডেন্টও একটি চুক্তিই চান।’
তবে এ বিষয়ে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ মন্তব্য করেছিলেন, বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য অসহনীয় হয়ে উঠছে এবং ইরান এখনো মাত্র শুরু করেছে।
এদিকে এই অভিযানের ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা এখন পুরোপুরি নির্ভর করছে ইরানের পরবর্তী পদক্ষেপ ও আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার ওপর।