আলমডাঙ্গায় ফ্রি টিউবওয়েল প্রতিস্থাপন কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখা। মঙ্গলবার (০৫-০৫-২০২৬) দুপুরে উপজেলার ছত্রপাড়া হাফিজিয়া মহিলা মাদ্রাসায় একটি টিউবওয়েল প্রতিস্থাপন করা হয়।
দুপুর ১টার দিকে সরেজমিনে কার্যক্রম পরিদর্শন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার। এ সময় তিনি এ উদ্যোগকে প্রশংসনীয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, “বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসার দাবি রাখে। বিষয়টি গত মাসে আমার সঙ্গে শেয়ার করা হলে আমি তাদের সাধুবাদ জানিয়েছিলাম এবং আশ্বাস দিয়েছিলাম আপনাদের সকল ভালো কাজের আমি অংশীদার হতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. লিয়াকত আলী, শাখার সভাপতি আল আমিন হোসেন, সেক্রেটারি খাইরুল ইসলাম এবং মানবাধিকার কর্মী মাহমুদুল হাসান ইমরান।
শাখার সভাপতি আল আমিন হোসেন বলেন, প্রবাসী দাতা সদস্য জামিল ইসলামের আর্থিক সহযোগিতায় উপজেলা ব্যাপী এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলায় বিশুদ্ধ পানির সংকট দূর করতে প্রতি মাসে পাঁচটি করে ফ্রি টিউবওয়েল স্থাপন করা হবে। এছাড়া প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই করে বাস্তবায়ন করা হবে।
জানা গেছে, স্থানীয় জনগণের বিশুদ্ধ পানির সংকট নিরসনে বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখা নিয়মিতভাবে এ কার্যক্রম পরিচালনা করছে।ের পরিকল্পনায় প্রতি মাসে পাঁচটি ফ্রি টিউবওয়েল স্থাপন, বছরে ১০টি ঘর নির্মাণসহ নানা সামাজিক উন্নয়নমূলক কাজ অন্তর্ভুক্ত রয়েছে।
সেক্রেটারি খাইরুল ইসলাম বলেন, মাদকবিরোধী সচেতনতা, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থানসহ শীতবস্ত্র বিতরণ, বছরে ৬০টি টিউবওয়েল স্থাপন, ১০টি গৃহ নির্মাণ, ২০০ ব্যাগ রক্তদান, ঈদ সামগ্রী বিতরন, বৃক্ষরোপণের পাশাপশি বিভিন্ন সামাজিক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সমাজের বিত্তবানরা এগিয়ে এলে এসব কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে।