সিরাজগঞ্জে চিকিৎসাসেবায় গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। তানভির হাসান নামের এক অভিভাবক দাবি করেছেন, তাঁর ছেলে দেড় বছরের রাহাত এর ইউরিন স্যাম্পল জমা না দেওয়ার পরও হাসপাতাল থেকে ইউরিন টেস্টের রিপোর্ট সরবরাহ করা হয়েছে।
ভুক্তভোগী তানভির হাসান জানান, গত তিনদিন ধরে তার শিশুটি উচ্চ জ্বরে আক্রান্ত ছিল। চিকিৎসার জন্য বৃহস্পতিবার (১৪ মে) সকালে তিনি শিশুকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কয়েকটি পরীক্ষা করার পরামর্শ দেন। পরে তিনি হাসপাতালের ল্যাবে শিশুর রক্তসহ প্রয়োজনীয় নমুনা জমা দিলেও ইউরিন সংগ্রহ করতে না পারায় ইউরিন স্যাম্পল জমা দিতে পারেননি।
তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকেল ৬টার দিকে রিপোর্ট সংগ্রহ করতে গেলে তাকে তিনটি টেস্ট রিপোর্ট দেওয়া হয়। এর মধ্যে একটি ছিল ইউরিন পরীক্ষার রিপোর্ট। অথচ সংশ্লিষ্ট ইউরিন স্যাম্পল টিউব এখনো তার কাছেই রয়েছে এবং কোনো ইউরিন নমুনা ল্যাবে জমা দেওয়া হয়নি বলে তিনি দাবি করেন। এ ঘটনায় তিনি প্রশ্ন তুলেছেন, স্যাম্পল জমা না দিয়েই কীভাবে ইউরিন টেস্টের রিপোর্ট প্রস্তুত করা হলো?
ভুক্তভোগী বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সিরাজগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেছেন।
মন্তব্য করুন