ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। বুধবার (৬ মে) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় স্পিকারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শপথ শেষে রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।
শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গত ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। তবে নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে, বিকেল ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেন। বিলম্বের কারণ দেখিয়ে নির্বাচন কমিশন (ইসি) প্রথমে তার মনোনয়নপত্র গ্রহণ করেনি।
পরবর্তীতে নুসরাত উচ্চ আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে ইসি তার মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী যাচাই-বাছাই শেষে তা বৈধ ঘোষণা করে এবং পরে তার নামে গেজেট প্রকাশ করা হয়। এর ধারাবাহিকতায় বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন।