রংপুরে আলোচিত পুলিশ হত্যা মামলায় পারভেজ রহমান পলাশ (২৬)-কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং পৃথক ধারায় আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারভেজ রহমান পলাশ রংপুরের হারাগাছ থানার বাহারকাছনা এলাকার তেলিপাড়ার বাসিন্দা জাহিদুল ইসলামের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর নগরীর সাহেবগঞ্জ এলাকায় দায়িত্ব পালনকালে হারাগাছ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলামের ওপর হামলা চালানো হয়। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে। পরে তদন্তে মূল অভিযুক্ত পারভেজ রহমান পলাশকে গ্রেপ্তার করা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালতে মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এরপর আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন। তাদের মতে, এই রায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।