লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতের মধ্যে এবার লেবাননের দক্ষিণাঞ্চলের কিছু অংশ ‘স্থায়ীভাবে’ দখলে নেওয়ার পরিকল্পনার কথা প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, লেবাননের ভেতরে একটি স্থায়ী নিরাপত্তা অঞ্চল গড়ে তোলা হবে এবং লিতানি নদী পর্যন্ত পুরো এলাকার নিরাপত্তা নিয়ন্ত্রণে রাখবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
মঙ্গলবার (৩১ মার্চ) প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রতিরক্ষামন্ত্রী কাটজ এ ঘোষণা দেন। তিনি বলেন, আইডিএফ লেবাননের অভ্যন্তরে একটি ‘সিকিউরিটি জোন’ বা নিরাপত্তা অঞ্চল তৈরি করবে এবং ওই অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে।
লিতানি নদী লেবাননের দীর্ঘতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ নদী হিসেবে পরিচিত। এটি বেকা উপত্যকা থেকে উৎপন্ন হয়ে ভূমধ্যসাগরে গিয়ে পতিত হয়েছে। এই নদী পর্যন্ত নিরাপত্তা অঞ্চল বিস্তৃত করার ঘোষণাকে বড় ধরনের সামরিক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
ইসরায়েল কাটজ আরও দাবি করেন, যুদ্ধের কারণে বাস্তুচ্যুত লেবাননের বাসিন্দাদের ওই এলাকায় ফিরে আসতে দেওয়া হবে না। একই সঙ্গে তিনি সীমান্তবর্তী গ্রামগুলোতে গাজার মতো অভিযান পরিচালনার ইঙ্গিত দেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাত দীর্ঘদিন ধরে সীমান্ত অঞ্চলে সহিংসতা বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ লেবাননে স্থায়ী দখলদারিত্বের এমন ঘোষণা নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি করেছে।