কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি ইন্ডিগো বিমানের ইঞ্জিনে হঠাৎ একটি ছোট চারচাকার গাড়ি সজোরে ধাক্কা দিয়েছে। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বিমানটি।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ইন্ডিগোর ৬ই-৬৬৬৩ নম্বর একটি বিমান বিমানবন্দরের বে নম্বর ৫১-তে দাঁড়িয়ে ছিল। বিমানটির কাছাকাছি একটি ছোট গাড়িও অবস্থান করছিল। আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটির ডান দিকের ইঞ্জিনে সজোরে ধাক্কা মারে।
এই ধাক্কায় বিমানের ইঞ্জিন সামান্য ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়িটির সামনের অংশও ভেঙে যায়। তবে সৌভাগ্যক্রমে ওই সময় বিমানে কোনো যাত্রী ছিলেন না। ফলে ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইন্ডিগো বিমান সংস্থা জানিয়েছে, বিমানটি কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার কথা ছিল। উড্ডয়নের আগে পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের জন্য বিমানটি গ্রাউন্ডে রাখা হয়েছিল। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। যাত্রীদের ভোগান্তি এড়াতে বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।