চলতি বছরের এপ্রিল মাসের শেষের দিকে দেশে তীব্র তাপপ্রবাহের পাশাপাশি বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তর তিন মাসের (ফেব্রুয়ারি থেকে এপ্রিল) পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা পড়তে পারে, অন্যত্র হালকা বা মাঝারি ধরনের কুয়াশা থাকবে।
এছাড়া, এপ্রিলের শেষার্ধে বঙ্গোপসাগরে ২–৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে চার থেকে আট দিন বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এপ্রিলের শেষার্ধে দেশে তিন থেকে পাঁচটি মৃদু তাপপ্রবাহ (৩৭–৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস), কয়েকটি মাঝারি তাপপ্রবাহ (৩৮–৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ (৪০–৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে।