বরিশাল প্রতিনিধি : এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুছ আলী সিদ্দিকীকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় বোর্ড কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে বোর্ড চেয়ারম্যান অফিস ত্যাগ করার সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তার সরকারি গাড়ি ঘিরে ফেলেন এবং পরীক্ষা পেছানোর দাবিতে স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের দাবি, আগামী ২৬ জুন শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা অন্তত দুই মাস পেছানো হোক।
এর আগে, শিক্ষার্থীরা প্রধান ফটকে মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং বোর্ড চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদানের উদ্যোগ নেন। তারা অভিযোগ করেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় এখনই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অমানবিক। স্বাস্থ্যঝুঁকি ও প্রস্তুতির অভাবের কারণে সময় চেয়ে তারা এ আন্দোলনে নেমেছেন।
শুধু পরীক্ষার সময়সূচি নয়, শিক্ষার্থীরা আরও দাবি জানান— এমসিকিউ ও সৃজনশীল অংশে যৌক্তিক পাস নম্বর নির্ধারণ,২০২৫ সালের পরীক্ষার্থীদের জন্য পুরাতন নিয়মেই পরীক্ষা গ্রহণ এবং ২০২৭ সালের নতুন কারিকুলাম চালুর আগেই বর্তমান শিক্ষার্থীদের ওপর তা চাপিয়ে না দেওয়া।
অবরুদ্ধ অবস্থায় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুছ আলী সিদ্দিকী। তিনি জানান, “এই সিদ্ধান্ত এককভাবে বোর্ডের নয়, এটি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিষয়। মন্ত্রণালয় ইতোমধ্যে বিষয়টি গুরুত্বসহকারে দেখছে এবং খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।”
শিক্ষার্থীরা আপাতত আশ্বাসে শান্ত হলেও, তারা জানান— দাবি আদায় না হলে আন্দোলন আরও কঠোর হবে।
মন্তব্য করুন