ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদার ভিত্তিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে তাকে সাধুবাদ জানায় সরকার। তবে স্বার্থ থাকলে বাংলাদেশ এগোবে না। বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে।”
তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদার ভিত্তিতেই হবে। এর বাইরে কোনো কিছু হলে বিএনপি সরকার তাতে সায় দেবে না।
বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের নেওয়া বিভিন্ন কল্যাণমুখী কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে থাকবে বলেও আশা প্রকাশ করেন রিজভী।