সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের পাশাপাশি ভবিষ্যতে এ ব্যবস্থা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলেও জনগণের মতামত নেওয়ার সুযোগ রাখতে গণভোটের বিধান ফিরিয়ে আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের প্রতিনিধি ও ‘জুলাই যোদ্ধা’দের সঙ্গে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সংবিধানে বর্তমানে গণভোটের বিধান নেই—এমন বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ১৪২ অনুচ্ছেদ থেকে গণভোটের বিধান বাদ দেওয়া হয়েছিল। পরে আদালত ওই পরিবর্তনকে অসাংবিধানিক ঘোষণা করেছেন বলে উল্লেখ করেন তিনি।
গণভোটের আগের বিধান স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়েছে কি না—এমন প্রশ্নে সালাহউদ্দিন আহমদ ‘ডকট্রিন অব ইক্লিপস’-এর প্রসঙ্গ তোলেন। তাঁর ভাষ্য, কোনো সাংবিধানিক বিধান পরিবর্তনকারী ব্যবস্থা অসাংবিধানিক ঘোষিত হলে আগের বিধান পুনরায় কার্যকারিতা ফিরে পেতে পারে।
তবে বিষয়টি নিয়ে আইনি জটিলতা রয়েছে বলেও স্বীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সংসদের মাধ্যমে বিষয়টি পুনরায় সংবিধানে অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত সেটি পূর্ণাঙ্গভাবে প্রতিস্থাপিত হয়েছে বলা যাবে না। বিচার বিভাগের রায়ের আলোকে প্রস্তাবিত সংশোধনীতে গণভোটের বিধান অন্তর্ভুক্ত করার কথা জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, সামনে যে সংবিধান সংশোধনের প্রস্তাব আনা হবে, সেখানে প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিসহ কয়েকটি মৌলিক বিষয়ে পরিবর্তন আসতে পারে। পাশাপাশি ৪৮, ৫৬ ও ১৪২ অনুচ্ছেদেও পরিবর্তনের প্রস্তাব থাকবে।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, এটি পুনরায় সংবিধানে অন্তর্ভুক্ত করা হলে ভবিষ্যতে যাতে সহজে পরিবর্তন করা না যায়, সে ব্যবস্থা রাখা হবে। ভবিষ্যতে কেউ এ ব্যবস্থায় পরিবর্তন আনতে চাইলে জনগণের মতামত নিতে হবে—এমন বিধান রাখতেই গণভোটের বিষয়টি সংবিধানে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
প্রস্তাবনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতিসহ অন্যান্য মৌলিক সাংবিধানিক বিষয়ে পরিবর্তনের ক্ষেত্রেও গণভোটের বিধান রাখার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সংবিধানের ১৪২ অনুচ্ছেদে গণভোটের বিধান যুক্ত হয়েছিল পঞ্চম সংশোধনীর মাধ্যমে। পরে ২০১১ সালের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণভোটের বিধানের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাও বাতিল করা হয়।
চলতি বছরের ৯ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পঞ্চদশ সংশোধনীর গুরুত্বপূর্ণ কয়েকটি অংশ নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন। এরপর গণভোট ও তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত বিধান পুনঃস্থাপনের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
আদালতের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পাওয়ার পর আইন মন্ত্রণালয় সংবিধানের সংশোধিত রূপ প্রকাশ করবে বলে জানা গেছে। সেখানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত বিধানের অবস্থান আরও স্পষ্ট হবে।