তৃতীয় দফায় চলছে শাহজালালের মাজারের টাকা গণনা

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১০:৫৯
তৃতীয় দফায় চলছে শাহজালালের মাজারের টাকা গণনা


তৃতীয় দফায় খোলা হয়েছে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স। শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে মাজার প্রাঙ্গণে দানের টাকা গণনা শুরু হয়। বেলা ২টা পর্যন্তও এ গণনা চলছিল।


মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনা নির্ধারণে গঠিত কমিটির ব্যবস্থাপনায় এ গণনা চলছে। এতে মাদরাসার শিক্ষার্থী, মাজার কমিটির সদস্য এবং জেলা প্রশাসনের কর্মচারীরা অংশ নিয়েছেন। সংশ্লিষ্টরা ধারণা করছেন, তৃতীয় দফায় দানের অর্থের পরিমাণ আগের তুলনায় বেশি হতে পারে।


সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, সর্বশেষ ১১ জুলাই দানবাক্স খোলা হয়েছিল। এরপর প্রায় এক মাসের ব্যবধান হয়েছে। এবারও সবার উপস্থিতিতে প্রকাশ্যেই টাকা গণনা করা হচ্ছে।


তিনি বলেন, প্রশাসনের প্রতিনিধিদের উপস্থিতিতে টাকা গণনা করা হচ্ছে। সাংবাদিকরাও বিষয়টি সরাসরি পর্যবেক্ষণ করছেন। ফলে অর্থ গণনা নিয়ে যাতে কোনো ধরনের সন্দেহ বা অবিশ্বাস তৈরি না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।


এর আগে গত ২২ জুন প্রথমবারের মতো মাত্র চার দিনের জমা হওয়া দানের টাকা প্রকাশ্যে গণনা করা হয়। সেদিন গণনায় নগদ ১৭ লাখ ৫৪৯ টাকা পাওয়া যায়।


এর ১৮ দিন পর, গত ১১ জুলাই দ্বিতীয় দফায় দানবাক্স খোলা হয়। সেদিন নগদ ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া যায়। এ সময় বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণালংকারসহ নানা সামগ্রীও পাওয়া যায়।


এবার ৩৪ দিন পর দানবাক্স খোলা হয়েছে। তাই তৃতীয় দফায় দানের অর্থের পরিমাণ আরও বেশি হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।


প্রসঙ্গত, মাজারের আয়-ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে স্থানীয় সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে গত ২৬ জুন সিলেট সার্কিট হাউসে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।


সভায় মাজারের পরিচালনা ও আর্থিক ব্যবস্থাপনায় স্থায়ী স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই দানবাক্সের অর্থ প্রকাশ্যে গণনা ও হিসাব ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালিত হচ্ছে।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য