আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ওই সময় ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ভোটার তালিকা হালনাগাদে নতুন করে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার যুক্ত হয়েছেন।
হালনাগাদ শেষে দেশে মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। ভোটের সময়সূচি পেছানো হলে ভোটার নিবন্ধনের সুযোগও বাড়ানো হবে। সে ক্ষেত্রে নতুন ভোটারদের সম্পূরক তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
ইসির সর্বশেষ চূড়ান্ত হালনাগাদ অনুযায়ী, দেশে এর আগে মোট ভোটার ছিল ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে।