সরকার আমলাতন্ত্র ও বড় ব্যবসায়ীদের তুষ্ট করার নীতি গ্রহণ করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তার দাবি, ছোট ও মাঝারি ব্যবসায়ী এবং বেসরকারি খাতে কর্মরতদের ভবিষ্যৎ পরিবর্তনের জন্য সরকারের কোনো সুস্পষ্ট অর্থনৈতিক রূপরেখা নেই।
বুধবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
মাহফুজ আলম বলেন, শ্রমিকদের বিষয়ে বলাই বাহুল্য। চা শ্রমিকদের ন্যায্য দাবির মিছিলে হামলা হচ্ছে। অথচ তাদের তুলনায় বড় চাহিদাসম্পন্ন ব্যক্তি বা গোষ্ঠীকে তুষ্ট করা হচ্ছে।
তিনি আরও বলেন, জনগণের বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, নিত্যপণ্যের বাড়তি দাম ও নিরাপত্তা সংকটের সমাধান না করে বড় কর্তাদের তুষ্ট করার এ নীতি অর্থহীন। এ ধরনের নীতি শুধু সম্পদের বৈষম্য বাড়াবে।
মাহফুজ আলম বলেন, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় আসা সরকারের প্রধান দায়িত্ব জনগণকে তুষ্ট করা, গুটিকয়েক ব্যক্তি বা গোষ্ঠীকে নয়। এ জন্য অর্থনৈতিক ব্যবস্থা ও প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং বৈষম্য কমানোর নীতি বাস্তবায়ন করা প্রয়োজন।
বৈষম্য কমানো গেলে বাস্তবিক ও ভারসাম্যপূর্ণ উন্নয়ন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ‘অল্টারনেটিভস’-এর নয় দফা দাবির পক্ষে সবাইকে থাকার আহ্বান জানান সাবেক এই উপদেষ্টা।