স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:০২
স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।


সোমবার (৩১ আগস্ট) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের জনগণ গণতন্ত্রকামী এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য তারা বিভিন্ন সময়ে আত্মত্যাগ করেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও জনগণ নিজেদের অধিকার আদায় ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আত্মত্যাগ করেছে বলে মন্তব্য করেন তিনি।


তিনি বলেন, বাংলাদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি। মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা দীর্ঘ সময় অধরা ছিল বলেও উল্লেখ করেন তিনি।


স্পিকার আরও বলেন, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন নিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হওয়ার অভিযোগ রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে স্বৈরাচারের অবসান ঘটে।


সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম অবাধ, প্রতিযোগিতাপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে উল্লেখ করে স্পিকার বলেন, জনগণের গণতান্ত্রিক আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ দায়িত্ব পালন করছে।


আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের সুযোগ তৈরি হয়েছে। গণতান্ত্রিক সংস্কার ও প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পূরণ করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।


তিনি আরও বলেন, সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে একটি কার্যকর ও গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠা করা সম্ভব।


সাক্ষাৎকালে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও সাধারণ পরিষদে বাংলাদেশের ভূমিকা, আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের সমুদ্রসীমা-সংক্রান্ত মামলার নিষ্পত্তি এবং সংসদীয় কূটনীতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইপিইউ প্রতিনিধি দলের সদস্য, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য