সরকার সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংশোধিত বিধান অনুযায়ী ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় ৩৫ বছর পর দেশে সাংবিধানিকভাবে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে বিরোধী দলের প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকা উচিত।
সংবিধান সংশোধন কমিটির বিষয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে গঠিত কমিটিতে এখনো বিরোধী দল অংশ নেয়নি। তবে সরকার সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের বিষয়টি প্রক্রিয়ার মধ্যে রেখেছে এবং ভবিষ্যতে তা বাস্তবায়ন করা হবে।
তিনি স্পষ্ট করে বলেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বর্তমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য নিজ দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হয়ে যায়। এ বিধানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক রয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে অনুচ্ছেদটি নতুন করে আলোচনায় এসেছে। সম্ভাব্য সংশোধনের ফলে সংসদ সদস্যদের ভোটাধিকার প্রয়োগে আরও স্বাধীনতা আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।