স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা শহরের দীর্ঘদিনের নাগরিক সমস্যার অন্যতম প্রধান কারণ বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব। তিনি বলেন, রাতারাতি রাজধানীর সমস্যার সমাধান সম্ভব নয়, কারণ এর পেছনে রয়েছে বহু প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা।
বুধবার (১৫ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে আ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা: আমার, আপনার সবার দায়িত্ব শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সিটি করপোরেশন, রাজউক, ওয়াসা, বিদ্যুৎ বিভাগ, সড়কসহ বিভিন্ন সংস্থা পৃথকভাবে কাজ করায় পরিকল্পনা ও বাস্তবায়নে অসংগতি তৈরি হচ্ছে। শুধু সিটি করপোরেশনের উদ্যোগে রাজধানীর সমস্যার সমাধান সম্ভব নয়; সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, ঢাকার নাগরিক সমস্যার স্থায়ী ও কার্যকর সমাধানের জন্য সিটি করপোরেশনগুলোকে একটি পূরনগর সরকার (সিটি গভর্নমেন্ট) হিসেবে গড়ে তোলা প্রয়োজন। এমন একটি কাঠামো গড়ে উঠলে রাজধানীর উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ ও সেবা সংস্থার কার্যক্রম সমন্বয় ও তদারকি করা সহজ হবে।
মির্জা ফখরুল বলেন, প্রায় প্রতি বর্ষা মৌসুমেই বিভিন্ন সংস্থা উন্নয়নকাজ শুরু করে, কারণ এ সময় প্রকল্পের অর্থ ছাড় হয়। ফলে একটি সংস্থার কাজ শেষ হওয়ার আগেই অন্য সংস্থা একই সড়ক খনন করে, যা সমন্বয়হীনতার সুস্পষ্ট উদাহরণ।
রাজধানীর জলাবদ্ধতার বিষয়ে তিনি বলেন, খাল দখল, ভরাট এবং প্রাকৃতিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়াই এ সমস্যার অন্যতম প্রধান কারণ। অবশিষ্ট খালগুলো পুনরুদ্ধার এবং নদী দখল বন্ধ না করা গেলে জলাবদ্ধতা নিরসন কঠিন হবে।
মন্ত্রী আরও বলেন, একসময় বুড়িগঙ্গা নদীর পানি স্বচ্ছ ছিল। কিন্তু বর্তমানে দূষণ ও বর্জ্যের কারণে নদীর পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীর নদীগুলো পুনরুদ্ধার করা গেলে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করাও সহজ হবে।