জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সনদের ভিত্তিতে বিভিন্ন দাবি জানিয়ে এর বাস্তবায়নে সহযোগিতা না করা পরস্পরবিরোধী অবস্থান।
রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে সংবিধান সংশোধন কমিটি গঠন নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদে জানান, বিরোধী দলের উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের সঙ্গে ফোনালাপের ভিত্তিতে তিনি আশা করেছিলেন, বিরোধী দল সংবিধান সংশোধন কমিটিতে থাকবে। এ বোঝাপড়ার কারণে কমিটি পুনর্গঠনের প্রক্রিয়াও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। পরে বিরোধী দলের উপনেতা কমিটিতে অংশ নিতে অনাগ্রহের কথা জানান।
এরপর ফ্লোর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্পিকার নির্বাচনের আগে একটি ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতাদের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছিল। তখন বিরোধী দলকে ডেপুটি স্পিকারের একটি পদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে। এজন্য রুলস অব প্রসিডিউরের ২২৬ বিধি অনুযায়ী পাঁচ সদস্যের বিশেষ সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছে, যেখানে বিরোধী দলের জন্যও সদস্য রাখার ব্যবস্থা রয়েছে।
তিনি বলেন, সংসদে প্রতিনিধিত্বশীল অন্যান্য রাজনৈতিক দল, স্বতন্ত্র সদস্যসহ বিভিন্ন পক্ষের প্রতিনিধিত্ব কমিটিতে রাখা হয়েছে। বিরোধী দল নীতিগতভাবে কমিটিতে না আসার সিদ্ধান্ত নিয়েছে—এটি তাদের সিদ্ধান্ত হতে পারে। তবে সংবিধান সংশোধন না হলে জুলাই জাতীয় সনদও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তার সভাপতিত্বে কমিটির একটি বৈঠক ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংবিধান বিশেষজ্ঞ, সাবেক প্রধান বিচারপতি ও বিচারপতি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, সাংবাদিক ও সম্পাদকদের মতামত নেওয়া হবে। এ ছাড়া জুলাই জাতীয় সনদ প্রণয়নের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সঙ্গেও আলোচনা করা হবে।
সবার মতামতের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে পরে আইন মন্ত্রণালয় ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সংবিধান সংশোধনী বিল সংসদে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
বিরোধী দলকে কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, তারা কমিটিতে এলে তাদের সব বক্তব্য ও প্রস্তাব প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে। ভিন্নমত ও দ্বিমতের পাশাপাশি যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেগুলোও সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিবেচনা করা হবে।
তিনি বলেন, সংসদীয় কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণের বিষয়টিও জুলাই জাতীয় সনদের সঙ্গে যুক্ত। সনদে সংসদীয় কমিটির সভাপতিত্ব বিরোধী দলকে দেওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছিল। তবে সেটি বাস্তবায়নের জন্য আগে সংবিধান সংশোধন প্রয়োজন।
সবশেষে বিরোধী দলের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন আপনারা সবই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে চাইবেন, অথচ সনদ বাস্তবায়নের জন্য সহযোগিতায় আসবেন না। দুইটা বিপরীতমুখী হয়ে যায়।’ তিনি বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানান।