সালমানের স্টুডিও ভাঙচুর জমি নিয়ে বিরোধে, গ্রেপ্তার ৩: স্বরাষ্ট্রমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫
সালমানের স্টুডিও ভাঙচুর জমি নিয়ে বিরোধে, গ্রেপ্তার ৩: স্বরাষ্ট্রমন্ত্রী



কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনাটি জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও দেশীয় অস্ত্রসহ কিছু আলামত উদ্ধার করেছে পুলিশ।


রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।


তিনি বলেন, প্রায় ৩৫ কাঠা জমি নিয়ে নিউগ্রিনি প্রপার্টিজ ও একজন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার মধ্যে বিরোধ চলছিল। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, অবসরপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে কিছু লোক রাতের অন্ধকারে জমিটি দখল করতে যায়।


স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিরোধপূর্ণ ওই জমিতে সালমান মুক্তাদিরের একটি টিনশেড স্থাপনা ছিল, যেখানে কনটেন্ট তৈরির কাজ হতো। দখলের ঘটনার সময় সেটিতেও ভাঙচুর চালানো হয়। তিনি ভিডিওতে ভাঙচুরের দৃশ্য দেখেছেন বলেও জানান।


পুলিশের ভূমিকা সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। জমি দখল ও সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে তাঁর জানা মতে, সালমানের পক্ষ থেকে তখনো আলাদা কোনো মামলা করা হয়নি।


ফেসবুক লাইভে সালমানের দেওয়া বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালমান নিজেই জানিয়েছেন, তাঁর কাছে সরাসরি কেউ চাঁদা দাবি করেনি। এ অবস্থায় বিএনপিকে জড়িয়ে ঢালাও অভিযোগ করার যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন তিনি। সালমান নির্দিষ্ট অভিযোগে মামলা করলে তা তদন্ত করা হবে বলেও জানান।


জাসদ কার্যালয়ে অভিযান প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু ব্যক্তি জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছেন বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ ছিল।


তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানকালে প্রায় ১৫০ থেকে ২০০ জনকে আটক করা হয়। পরে ২৭ জন ছাড়া অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাঁদের ফোনের ফরেনসিক পরীক্ষা করা হবে। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


এদিকে মিরপুরের শাহ আলী এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়ায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।


তিনি জানান, ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত ব্যক্তিদের রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় বিবেচনায় না নিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য