দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রপতি পদে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পর নিজ দপ্তরের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র জমা পড়েছে।
তিনি জানান, আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে রাষ্ট্রপতি পদে জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে বিরোধী দল বা ১১ দলীয় জোটের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।