রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে সংসদ সদস্যদের ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বৃহস্পতিবার (২০ আগস্ট) নির্বাচনে সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের এ সভা অনুষ্ঠিত হয়।
আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সরকারদলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন কর্নেল (অব.) অলি আহমদ।
চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, দলের চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদীয় দলের সভায় সব সংসদ সদস্যের কাছে মির্জা ফখরুলের পক্ষে ভোট চেয়েছেন এবং আগামীকাল সবাইকে উপস্থিত থাকতে বলেছেন।
নির্বাচন কমিশন ও জাতীয় সংসদ স্বচ্ছতার জন্য ভোট গ্রহণ ও ফল ঘোষণার কিছু অংশ সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। নুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর ২টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এরপর ভোট গণনা ও ফল ঘোষণা করা হবে।
চিফ হুইপ বলেন, ভোট শুরুর পাঁচ মিনিট আগে থেকে সরাসরি সম্প্রচার শুরু হবে। প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা এবং রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কীভাবে ভোট দিচ্ছেন, তা সরাসরি দেখানো হবে। ভোটগ্রহণের মাঝের সময়ের কার্যক্রম রেকর্ড করা হবে। ভোট শেষ হওয়ার পাঁচ মিনিট আগে থেকে ফল ঘোষণা পর্যন্ত আবার সরাসরি সম্প্রচার করা হবে।
নুরুল ইসলাম বলেন, আগামীকাল দেশের ইতিহাসে নতুন যাত্রা শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামের পর গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করেছে। সরকার ও বিরোধী দলকে অন্তর্ভুক্ত করে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং দেশের অগ্রগতি অব্যাহত রাখার প্রত্যয়ও জানান তিনি।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন—মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কর্নেল (অব.) অলি আহমদ। এ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ আবার ভোট দেওয়ার প্রক্রিয়া প্রত্যক্ষ করবে এবং ভোটের প্রতি মানুষের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রপতি নির্বাচনের পরদিনই নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ হবে বলেও জানান চিফ হুইপ। তিনি বলেন, আগামী ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
সংসদ সদস্যদের ভোট নিয়ে আলাদা প্রচার-প্রচারণার প্রয়োজন নেই উল্লেখ করে নুরুল ইসলাম বলেন, সংসদ সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে এসেছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা ভোট দেবেন এবং অন্যরাও নিজ নিজ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন।