রাড্ডায় হামলা: শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে সরকার

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০
রাড্ডায় হামলা: শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে সরকার


রাজধানীর শাহ আলী এলাকায় রাড্ডা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর বিরুদ্ধে শিগগিরই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।


রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।


সালাহউদ্দিন আহমদ বলেন, রাড্ডায় হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে। তাঁদের রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনায় নেওয়া হবে না। অপরাধে জড়িত যে-ই হোক, আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে শাহ আলী থানার আওতাধীন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, একদল সশস্ত্র ব্যক্তি সীমানাপ্রাচীর টপকে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে।


এ সময় হামলাকারীরা দুই নৈশপ্রহরীকে মারধর করে হাত-পা বেঁধে রাখে। পরে হ্যামার ও ভেকু ব্যবহার করে প্রতিষ্ঠানের সীমানাপ্রাচীর এবং একাধিক সেবাকক্ষ ভেঙে ফেলা হয়।


মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা ক্লিনিক থেকে ওষুধ, আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র ও ফ্রিজসহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।


এ ছাড়া ভবন ও আসবাবপত্র ভাঙচুরে আরও প্রায় ২৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।


ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার মধ্যে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য