প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বিভাগ: জাতীয় রিপোর্টার: অনলাইন ডেস্ক 07 Jul 2026, 11:49 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার আবারও উন্মুক্ত হয়েছে। সোমবার (৬ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে শ্রমবাজার চালু হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যে বাংলাদেশ থেকে বিনা খরচে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে সরকার আশাবাদী। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, মালয়েশিয়ার পাশাপাশি খুব শিগগিরই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, জাপান এবং মরিশাসের শ্রমবাজার নিয়েও ইতিবাচক অগ্রগতির খবর পাওয়া যেতে পারে।

মন্ত্রী বলেন, এবার কর্মী নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। আগের মতো মালয়েশিয়া নয়, বাংলাদেশই রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে। এতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে এবং সিন্ডিকেট ও দুর্নীতির সুযোগ কমে আসবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, শ্রমিক পাঠানোর পুরো প্রক্রিয়াকে সুশৃঙ্খল ও স্বচ্ছ রাখতে সরকার এবং রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। দুই দেশের সরকারের আলোচনার মাধ্যমে আইনি জটিলতা নিরসনের উদ্যোগ নেওয়ার পরই শ্রমবাজার পুনরায় চালুর ঘোষণা আসে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য