প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাঁচ ইউরোপীয় দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদারদের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন কৌশলগত খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অংশ নেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-চার্লে, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসটিয়াগা, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাইবা জারিনা এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কারস্টেন। এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীও উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় দেশগুলোর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্ব এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি প্রতিরক্ষা, বেসামরিক বিমান চলাচল (এভিয়েশন) এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে সহযোগিতা আরও বিস্তৃত ও বহুমাত্রিক করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পারস্পরিক আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অন্যদিকে, ইউরোপীয় কূটনীতিকরা বাংলাদেশের সঙ্গে তাদের নিজ নিজ দেশের বহুমাত্রিক অংশীদারিত্ব ভবিষ্যতে আরও সম্প্রসারণে আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।