নতুন পে-স্কেল মন্ত্রিসভায়, চার ধাপে বাড়বে সরকারি কর্মীদের বেতন

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৮:৪২
নতুন পে-স্কেল মন্ত্রিসভায়, চার ধাপে বাড়বে সরকারি কর্মীদের বেতন


সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর সুপারিশ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়। প্রস্তাবিত পে-স্কেল দুই অর্থবছরে চার ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।


সোমবার (৩১ আগস্ট) বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য এ সংক্রান্ত সুপারিশ উপস্থাপনের কথা রয়েছে।


সরকারের উচ্চপর্যায়ের আলোচনার ভিত্তিতে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করার কৌশল নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এর ব্যয় মূলত অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের মাধ্যমে মেটানোর পরিকল্পনা রয়েছে। সরকারি কর্মচারীদের প্রত্যাশা পূরণের পাশাপাশি চলমান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ বিবেচনায় নিয়ে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।


নতুন পে-স্কেলেও ২০টি গ্রেড রাখার পরিকল্পনা রয়েছে। তবে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে বৈষম্য কমাতে গ্রেডের সংখ্যা কমানোর দাবি রয়েছে।


সবকিছু চূড়ান্ত হলে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ হতে পারে। সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেনশনভোগী মিলিয়ে ২০ লাখের বেশি মানুষ এর সুবিধা পাবেন বলে জানা গেছে।


সচিব কমিটির প্রস্তাব অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে মূল বেতন এবং পরবর্তী অর্থবছরের ১ জুলাই থেকে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে।


প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, মূল বেতনের ৩০ শতাংশ চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হতে পারে। এরপর আরও ৩৫ শতাংশ আগামী বছরের শুরু থেকে কার্যকর করার সুপারিশ রয়েছে। মূল বেতনের বাকি অংশ পরবর্তী অর্থবছরের জুলাইয়ে এবং ওই অর্থবছরের জানুয়ারি থেকে বিভিন্ন ভাতা কার্যকর করার পরিকল্পনা করা হচ্ছে।


অর্থাৎ, দুই অর্থবছরে মোট চার ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য