সরকারে মন্ত্রিসভা পুনর্গঠনের প্রস্তুতি চলছে। নতুন করে চারজনকে মন্ত্রিসভায় যুক্ত করার পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ে রদবদলের পরিকল্পনা করা হয়েছে বলে মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে।
মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হতে যাওয়া চারজন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
সূত্রের তথ্য অনুযায়ী, নতুন চারজনের মধ্যে ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আলোচনা রয়েছে। আর মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করা হতে পারে। তাকে ধর্ম প্রতিমন্ত্রী করার বিষয়টি নিয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছে।
তবে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে সরকারের কার্যক্রমে আরও গতি আনতে কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টনের কথাও ভাবা হচ্ছে। মন্ত্রিপরিষদ সূত্র অনুযায়ী, বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে রদবদল হতে পারে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তার শপথ নেওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপতির শপথের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। বঙ্গভবনের দরবার হলেই তাদের শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তবে নতুন মন্ত্রীদের দপ্তর ও মন্ত্রণালয়সংক্রান্ত সিদ্ধান্ত শপথের আগে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।