জামালপুরের মাদারগঞ্জে জুয়ার আসর থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জোড়খালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য হামিদুর রহমান (৪০)সহ চারজনকে গ্রেফতার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।গ্রেফতার অন্যরা হলেন—চর জোড়খালী গ্রামের মৃত আব্দুল মালেক মন্ডলের ছেলে মো. হাসিজল (৩৮), সোহরাব শেখের ছেলে মো. হাফিজুর (২৮) এবং মৃত রওন আলী শেখের ছেলে মো. নায়েব আলী (নাতু) (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১টা ৪০ মিনিটের দিকে মাদারগঞ্জ উপজেলার ৫ নম্বর জোড়খালী ইউনিয়নের চর জোড়খালী এলাকায় মো. নায়েব আলীর (নাতু) বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত এক বান্ডেল তাস, নগদ ২ হাজার ৭ টাকা এবং একটি ফোমের প্লাস্টিকের ছেঁড়া অংশ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় এসআই মো. আশরাফুল আলম বাদী হয়ে জুয়া খেলার অপরাধে মামলা দায়ের করেন। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা হামিদুর রহমান ও হাসিজলকে নাশকতার মামলাতেও গ্রেফতার দেখানো হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশীষ রায় খবরটি নিশ্চিত করেছেন । তিনি জানান,
হামিদুর রহমান ও হাসিজলের বিরুদ্ধে নাশকতার অভিযোগ থাকায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে মাদারগঞ্জের বিভিন্ন স্থানে রাত্রীকালীন টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।