কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে নবীন বরণ, চড়ুইভাতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নীলকুঞ্জ রিসোর্টে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান, সংগঠনের সভাপতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক ইয়াসিন পাঠান শৈকতসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে পরিচিতি পর্ব ও ২০তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। পরে মধ্যাহ্নভোজ শেষে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। খেলাধুলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সংগঠনের উপদেষ্টা ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান বলেন, “অনেকদিন পর এ ধরনের একটি আয়োজন দেখে ভালো লাগছে। নরসিংদী থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীদের শুরুতে হল বা মেস খোঁজা, র্যাগিং ও টিউশনি পাওয়াসহ নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এসব সমস্যায় তোমরা প্রয়োজনে আমাকে জানাবে এবং তোমাদের সিনিয়র ভাই-বোনদের সহযোগিতা নেবে। জেলা অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্যই হলো সবাই সবার পাশে দাঁড়ানো এবং একে অন্যকে বিভিন্নভাবে সহযোগিতা করা।”
সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াসিন পাঠান শৈকত বলেন, “দীর্ঘ চার বছর পর আমাদের অ্যাসোসিয়েশনের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আমরা কমিটি নেওয়ার সময়ই শর্ত রেখেছিলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নরসিংদীর যেসব শিক্ষক-শিক্ষার্থী আছেন, সবাইকে নিয়ে এমন উৎসবমুখর আয়োজন করব। আলহামদুলিল্লাহ, আমরা সেটা করতে পেরেছি। সামনেও আমরা এ ধরনের আরও আয়োজন করব।”
সংগঠনের সভাপতি আব্দুল্লাহ বলেন, “জেলা অ্যাসোসিয়েশন মূলত ভ্রাতৃত্বের বন্ধন। এখানে সবাই একে অপরের ভাইয়ের মতো। যেকোনো সমস্যা ও পরিস্থিতিতে আমরা সাধ্যমতো একে অন্যের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আজকের অনুষ্ঠানটি সফল করতে যারা পরিশ্রম করেছেন এবং উপস্থিত হয়ে অনুষ্ঠানকে উৎসবমুখর করেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভবিষ্যতেও আমরা এ ধরনের আরও মিলনমেলার আয়োজন করব, ইনশাআল্লাহ।”