কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন সিএসই সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ রিফাত চৌধুরী এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আদিল আহমেদ মাহদী।
বুধবার (৭ অক্টোবর) সিএসই সোসাইটির সভাপতি ও বিভাগীয় প্রধান ড. মো: ফয়সল বিন আবদুল আজিজ, আহ্বায়ক পার্থ চক্রবর্তী, সদস্য মো: জাহিদুর রহমান এবং মো: আতিকুর রহমানের সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও কমিটিতে অন্যান্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক নূর হাসান তারেক। কার্যনির্বাহী সদস্য পারভেজ হোসেন, মিফতাহুল ইসলাম রাহাত, ইমরুল কায়েস, রিফাত হোসেন, রাকিবুল ইসলাম।
নবনির্বাচিত সাধারন সম্পাদক আদিল আহমেদ মাহদী বলেন, "সিএসই শুধুমাত্র একটি বিভাগ নয়, এটি আমাদের একটি পরিবার। আর এই পরিবারকে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সবার। বিভাগের সবাই আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার প্রতিদান দিতে আমি সোসাইটিকে আরও সক্রিয়, আধুনিক ও শিক্ষার্থীবান্ধব একটি সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করব। একইসঙ্গে একাডেমিক কার্যক্রম এর পাশাপাশি কম্পিটিটিভ প্রোগ্রামিং, গবেষণা, ক্যারিয়ার ডেবলপমেন্ট, ইনডাসট্রি কোলাবোরেশন এবং বিভিন্ন দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও বেশি সুযোগ ও সম্ভাবনার দ্বার উন্মুক্ত করার চেষ্টা করব।"
নবনির্বাচিত সহ-সভাপতি মো: রিফাত চৌধুরী বলেন, "সিএসই সোসাইটিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে সবাই আমার ওপর আস্থা রেখে আমাকে সোসাইটির সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত করেছেন। সবার এই আস্থা ও বিশ্বাস আমার জন্য যেমন সম্মানের, তেমনি একটি বড় দায়িত্বও। আমি আন্তরিকভাবে সেই আস্থা ধরে রাখতে চাই।"
তিনি আরও বলেন, "শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনগুলো শিক্ষকদের সামনে যথাযথভাবে তুলে ধরা এবং সেগুলোর বাস্তবসম্মত সমাধান ও বাস্তবায়নের জন্য কাজ করাই হবে আমাদের নতুন কমিটির অন্যতম প্রধান লক্ষ্য। কমিটির মেয়াদকাল শেষ হওয়ার আগ পর্যন্ত একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমার সময় ও সামর্থ্যের সর্বোচ্চটা সিএসই সোসাইটির জন্য দিতে চাই। পাশাপাশি আমাদের অ্যালামনাই কমিটিকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যেও আমরা কাজ করতে চাই, যাতে বর্তমান শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে একটি সুন্দর ও কার্যকর যোগাযোগের সেতু তৈরি হয়।"
উল্লেখ্য, এই কমিটি আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত দায়িত্ব পালন করবে।