রোববার (৯ আগস্ট) বিকেল ৪টায় চকরিয়ায় এ হাইজিন কিট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় এবং ইউনিসেফের সহায়তায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (DPHE) জরুরি সাড়াদান কর্মসূচির আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়।
চকরিয়া ও মাতামুহুরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ইফতেখারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শাহীন দেলোয়ার বলেন, বন্যা ও পাহাড়ধসের পর ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দুর্যোগ-পরবর্তী সময়ে পানিবাহিত ও বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই দুর্গত মানুষের মধ্যে প্রয়োজনীয় হাইজিন সামগ্রী বিতরণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
তিনি বলেন, প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
আয়োজকরা জানান, চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় ২০২৬ সালের আকস্মিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বন্যা ও পাহাড়ধসের পর ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপদ পানি, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন নিশ্চিত করার পাশাপাশি পানিবাহিত ও সংক্রামক রোগের ঝুঁকি কমাতে প্রয়োজনীয় হাইজিন সামগ্রী বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে কক্সবাজার জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি হালেছা বেগম, চকরিয়া পৌরসভা মহিলা দলের সভাপতি রিফাত হায়দার, চকরিয়া উপজেলা মহিলা দলের নেত্রী রুনা চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।