প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মানুষ কোনো ব্যক্তিগত লাভ বা সুবিধার আশায় জীবন বাজি রেখে আন্দোলনে নামেননি। তারা সম্ভাব্য ঝুঁকি জেনেই দেশের স্বার্থে বুলেটের সামনে দাঁড়িয়েছিলেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং জুলাইভিত্তিক অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, আন্দোলনে অংশগ্রহণকারীরা রাষ্ট্রীয় সহায়তা বা চিকিৎসার প্রত্যাশা নিয়ে রাজপথে নামেননি। তবে এ কারণে রাষ্ট্রের দায়িত্ব কমে যায় না। তিনি বলেন, যারা জীবন দিয়েছেন কিংবা আহত হয়েছেন এবং তাদের পরিবার—সবাইকে সহায়তা করা রাষ্ট্র ও সরকারের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, যাদের আত্মত্যাগের মাধ্যমে দেশের বর্তমান বাস্তবতা সৃষ্টি হয়েছে, তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন না করলে তা অকৃতজ্ঞতার পরিচয় হবে।
জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের কয়েক মাস ধরে বেতন না পাওয়ার বিষয়টি উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। তিনি জানান, পাঁচ মাস ধরে বেতন না পেলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এ সমস্যার দ্রুত সমাধানে তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
জুলাই আন্দোলনের সাহসিকতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, রংপুরের আবু সাঈদের মতো অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনে অংশ নিয়েছিলেন। তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন আর সৃষ্টি না হয়, সেটিই সবার প্রত্যাশা। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে গণঅভ্যুত্থান বা আন্দোলনে আর কোনো মানুষের প্রাণহানি ঘটবে না।
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের বড় একটি অংশ ছিলেন শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ। তাদের মৃত্যু সংশ্লিষ্ট পরিবারগুলোর জন্য গভীর সংকট ও অপূরণীয় ক্ষতির কারণ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।